• লিড নিউজ
  • অর্থনীতি

আর্থিক সেবার আওতায় দেশের ৬৪.৫ শতাংশ মানুষ: বাংলাদেশ ব্যাংক জরিপ ‎

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক: দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬৪ দশমিক ৫ শতাংশ মানুষ কোনো না কোনো আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের সেবার আওতায় রয়েছেন।
‎
‎বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
‎
‎রাজধানীর একটি হোটেলে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় জরিপটি পরিচালনা করেছে ‘রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট’ (র‌্যাপিড)। প্রতিবেদনটি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি (এনএফআইএস) অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট (এনএইউ)।
‎
‎জরিপে দেশের ৬৪ জেলার ৪৩২টি প্রাথমিক নমুনা এলাকা থেকে ৬ হাজার ৯১২টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রতিটি পরিবার থেকে ১৫ বছর বা তার বেশি বয়সী একজন সদস্যকে জরিপে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত আট সপ্তাহ ধরে এ জরিপ পরিচালিত হয়।
‎
‎প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৪৫ শতাংশ মানুষের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) হিসাব রয়েছে। অন্যদিকে, ব্যাংক হিসাব রয়েছে মাত্র ২৮ দশমিক ৮ শতাংশ মানুষের। শহরাঞ্চলে ৩৬ দশমিক ১ শতাংশ মানুষের ব্যাংক হিসাব থাকলেও গ্রামাঞ্চলে এ হার ২৫ দশমিক ৭ শতাংশ।
‎
‎জরিপের তথ্যমতে, দেশের ৬৯ দশমিক ৫ শতাংশ পুরুষের আনুষ্ঠানিক আর্থিক হিসাব রয়েছে। নারীদের ক্ষেত্রে এ হার ৬০ দশমিক ৯ শতাংশ। তবে গ্রামাঞ্চলে ক্ষুদ্রঋণ সেবায় নারীদের অংশগ্রহণ পুরুষের তুলনায় বেশি। গ্রামীণ নারীদের ২৯ দশমিক ৩ শতাংশ ক্ষুদ্রঋণ সেবার আওতায় রয়েছেন, যেখানে পুরুষের হার ১১ দশমিক ৮ শতাংশ।
‎
‎এ ছাড়া বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে সাধারণ মানুষের অংশগ্রহণ এখনো ৫ শতাংশের নিচে রয়েছে। দেশের মাত্র ৪ দশমিক ২১ শতাংশ মানুষ বীমা সেবার আওতায় রয়েছেন, যাদের ৯৫ শতাংশই জীবনবীমার গ্রাহক।
‎
‎অঞ্চলভিত্তিক বিশ্লেষণে আর্থিক অন্তর্ভুক্তিতে ঢাকা বিভাগে ৬৭ দশমিক ৭ শতাংশ এবং চট্টগ্রাম বিভাগে ৬৭ শতাংশ মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় রয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম ৫৪ দশমিক ৯ শতাংশ মানুষ এ সেবার আওতায় রয়েছেন সিলেট বিভাগে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে এ হার ৬৩ থেকে ৬৫ শতাংশের মধ্যে। রাজশাহী বিভাগে এ হার ৬০ দশমিক ১ শতাংশ।
‎
‎আর্থিক সেবার ব্যবহার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক হিসাবধারীদের ৮০ শতাংশের বেশি সঞ্চয়ী হিসাব ব্যবহার করেন। তবে স্থায়ী আমানত ও ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) মতো সঞ্চয়ী পণ্যের ব্যবহার খুবই কম। ব্যাংক হিসাবধারীদের মধ্যে মাত্র ৯ দশমিক ৮ শতাংশ ডেবিট কার্ড এবং ১ দশমিক ৮ শতাংশ ক্রেডিট কার্ড ব্যবহার করেন।
‎
‎অন্যদিকে, এমএফএস ব্যবহারকারীদের অধিকাংশই টাকা পাঠানো ও গ্রহণের কাজে এ সেবা ব্যবহার করেন। গ্রামাঞ্চলের ৩৭ দশমিক ২ শতাংশ এমএফএস ব্যবহারকারী এ মাধ্যমে সরকারি উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা ভাতা গ্রহণ করেন।
‎
‎টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৬ সালের পরবর্তী সময়ের জন্য দ্বিতীয় পর্যায়ের জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস) প্রণয়ন এবং নিয়মিত জাতীয় জরিপ পরিচালনা। পাশাপাশি গ্রামীণ নারীদের জন্য সহজ শর্তে নারী এজেন্টের মাধ্যমে ব্যাংক হিসাব খোলার বিশেষ উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
‎
‎এ ছাড়া ভ্রাম্যমাণ ব্যাংক শাখা ও ইউনিয়ন পরিষদভিত্তিক এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণ, স্বল্প স্থিতির হিসাবের ক্ষেত্রে সহজ  কেওয়াইসি পদ্ধতি চালু এবং নিম্ন আয়ের মানুষের জন্য মৌলিক আর্থিক সেবার চার্জ কমাতে সরকারি বা সিএসআর তহবিল থেকে ভর্তুকি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo