• লিড নিউজ
  • জাতীয়

‎বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন।
‎
‎আজ বাংলাদেশে মনোনীত ঘানার অনাবাসিক হাই কমিশনার, গিনি, এস্তেনিয়া এবং স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতগণ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান।
‎
‎রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।
‎
‎এর আগে সকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
‎
‎সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং আইসিটি সেবার আমদানি বাড়ানোর জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
‎
‎তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে মানসম্মত তৈরি পোশাক, ওষুধ উৎপাদন ও রপ্তানি করে।
‎
‎তিনি সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।
‎
‎প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন।
‎
‎মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
‎
‎তিনি গিনি ও ঘানাকে বাংলাদেশের দক্ষ কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে বাংলাদেশের কৃষি-সংক্রান্ত অভিজ্ঞতা তাদের দেশে কাজে লাগানোর কথাও বলেছেন।
‎
‎রাষ্ট্রপতি স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনকে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার কথা বলেছেন। একইসঙ্গে তিনি মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দেশটির সাথে যৌথভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।
‎
‎ঘানার অনাবাসিক হাই কমিশনার প্রফেসর কৌসি অবিরি-ডানসোকে রাষ্ট্রপতি কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে বলেন।
‎
‎রাষ্ট্রপতি ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
‎
‎গিনির অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে আগ্রহের কথা জানান।
‎
‎এসময় তিনি গিনির অনুরোধে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইয়িং ও প্রিন্টিংয়ের কাজে দেশটিকে কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
‎
‎রাষ্ট্রপতি এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনকে দেশটির ডিজিটাল গভর্ন্যান্সের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও আর্থিক প্রযুক্তি (ফিনটেক) খাতে দেশটির অভিজ্ঞতা ও সহায়তা গ্রহণে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান।
‎
‎পাশাপাশি তিনি দেশটিকে বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছেন।
‎
‎রাষ্ট্রপতি নতুন দায়িত্ব পালনে নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সাফল্য কামনা করেন। তাঁদের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
‎
‎রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
‎
‎এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo