• সমগ্র বাংলা

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ; পটপরিবর্তনের পর গুরুত্বপূর্ণ পদে বহাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়েছে, পরিবর্তন এসেছে রাষ্ট্রীয় ও প্রশাসনিক বাস্তবতায়। কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি বদলে গেছে কিছু মানুষের রাজনৈতিক অবস্থান, নাকি কেবল বদলেছে তাঁদের অবস্থান ও সুবিধা গ্রহণের ক্ষেত্র? ৫ আগস্টের আগের রাজনৈতিক কর্মকাণ্ড, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে প্রকাশ্য যোগাযোগ, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জামালপুর ও শেরপুরের শিক্ষাঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা এবং বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে প্রকাশ্যে সৌজন্য বিনিময় করা কয়েকজন শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও নিজেদের অবস্থান ও প্রভাব ধরে রেখেছেন। তাঁদের কেউ কেউ বর্তমানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন। এ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসমাজ ও সচেতন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

আলোচনায় রয়েছেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সদ্য সাবেক সম্পাদক ও ছাত্র উপদেষ্টা মোঃ রেজাউল করিম এবং সাবেক শিক্ষক নেতা ও কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান খানসহ সংশ্লিষ্ট আরও কয়েকজন। এ ছাড়া মেলান্দহ কলেজের অধ্যক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে পাওয়া ছবি ও তথ্য অনুযায়ী, ৫ আগস্টের আগে আলোচনায় থাকা কয়েকজনকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, দলীয় সাধারণ সম্পাদক এবং পৌরসভার মেয়রের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। বিভিন্ন সময়ে তাঁরা রাজনৈতিক নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, আবার তাঁদের কাছ থেকেও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেছেন। এ ছাড়া শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং অন্যান্য অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় এসেছে। এসব কর্মকাণ্ডের ছবি ও দৃশ্যমান তথ্য তাঁদের তৎকালীন রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন কর্মসূচিতে উপস্থিতির বিষয়টি সামনে এনেছে। 

অভিযোগকারীদের দাবি, এসব কর্মকাণ্ড কেবল আনুষ্ঠানিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক বলয়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের বিষয়ও ছিল। রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁদের যোগাযোগের প্রকৃতি, পেশাগত জীবনে এর কোনো প্রভাব ছিল কি না এবং কোনো বিশেষ সুবিধা দেওয়া-নেওয়ার ঘটনা ঘটেছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসনিক ও সাংগঠনিক পরিবর্তনের প্রেক্ষাপটে জামালপুর ও শেরপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, অতীতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বজায় রাখা কয়েকজন রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নতুন বাস্তবতায় নিজেদের অবস্থান সুসংহত করেছেন। তাঁদের কেউ কেউ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টা এবং শিক্ষক সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁদের পদায়ন, দায়িত্বপ্রাপ্তির প্রক্রিয়া এবং প্রশাসনিক কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে সংশ্লিষ্ট মহলের একাংশের মধ্যে প্রশ্ন রয়েছে।

বিশেষ করে সরকারি আশেক মাহমুদ কলেজ ও শেরপুর সরকারি মহিলা কলেজের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক দায়িত্ব পালনকারীদের ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা, পেশাগত সততা এবং প্রাতিষ্ঠানিক বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। অভিযোগকারীদের প্রশ্ন, অতীতের রাজনৈতিক সম্পর্ক ও বর্তমান প্রশাসনিক অবস্থানের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না? রাজনৈতিক পটপরিবর্তনের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা কীভাবে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন এবং তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কী ধরনের প্রশাসনিক মূল্যায়ন করা হয়েছে?

সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম, প্রশাসনিক সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়নে অনীহার অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের দাবি, কিছু ক্ষেত্রে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে ব্যক্তিগত পছন্দ, প্রভাব ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। এ ছাড়া নিজেদের বর্তমান অবস্থান আরও শক্তিশালী করা, নতুন করে সুযোগ-সুবিধা অর্জন এবং প্রশাসনিক প্রভাব ধরে রাখার লক্ষ্যে বিভিন্ন তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ড, বিভিন্ন সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা এবং গোপন সমন্বয়ের মাধ্যমে নিজেদের অবস্থান সুসংহত করার অভিযোগও আলোচনায় এসেছে। কেউ কেউ এসব কর্মকাণ্ডকে ষড়যন্ত্রমূলক তৎপরতা হিসেবে অভিহিত করছেন। 

এ আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল হাকিমের কিছু চাঞ্চল্যকর তথ্য। অধ্যাপক আব্দুল হাকিমের প্রশাসনিক দায়িত্ব ও কর্মদক্ষতা নিয়েও অতীতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে। ২০২৬ সালের ৪ জুলাই সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় ১০০ জন নিয়মিত পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হন। কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে বিষয়টি বুঝতে পারেন। ঘটনাটি জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ময়মনসিংহ শিক্ষা বোর্ড তদন্ত করে এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি সামনে আসে। বোর্ড কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করে এবং তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক মীর শওকত আলম মীরকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

তবে এ ঘটনায় কলেজের অভ্যন্তরীণ পর্যায়েও অধ্যাপক মো: আব্দুল হাকিমের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। সরকারি আশেক মাহমুদ কলেজের প্যাডে ৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা কারণ দর্শানোর নোটিশের স্মারক নম্বর সআমাক/২০২৬/৬২০ তারিখ: ০৫/০৭/২০২৬। নোটিশটি সরাসরি অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, উপাধ্যক্ষ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর বরাবর জারি করা হয়। এতে ৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ এবং নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় তাঁর ভূমিকা সম্পর্কে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতবিনিময় সভা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সভায় আলোচনা হয়েছে। তাঁকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ শিক্ষা বোর্ডের কাছে কলেজের প্রশাসনিক প্রধান হিসেবে তৎকালীন অধ্যক্ষকে জবাবদিহি করতে হলেও কলেজের অভ্যন্তরীণ দায়িত্বের বিষয়ে উপাধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল হাকিমের কাছেও আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হয়েছিল। একটি পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন ভুল এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ তাঁর দায়িত্ব ও তদারকির ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এ ছাড়া বর্তমান সরকারের  প্রধানমন্ত্রী ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রমে অধ্যাপক  মো: আব্দুল হাকিমের অংশগ্রহণ না করা নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি নির্দেশনায় পরিচালিত এসব জনস্বার্থসংশ্লিষ্ট কর্মসূচিতে তাঁকে প্রত্যাশিতভাবে অংশ নিতে দেখা যায়নি। অথচ অতীতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মসূচিতে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। সরকারি চাকরিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক কর্মসূচির বাইরেও জনস্বার্থসংশ্লিষ্ট সরকারি কার্যক্রমে অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন প্রত্যাশিত।

তাঁর নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, কলেজ চলাকালে তিনি অনেক সময় নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। এর পেছনে পারিবারিক ও জমিসংক্রান্ত মামলার কারণে আদালতে যাতায়াতের বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, এসব মামলার কাজে প্রায়ই কলেজ চলাকালীন সময়ে কলেজ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে আদালতে অবস্থান করে। ফলে কলেজে তাঁর নিয়মিত উপস্থিতি ও প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটছে।

একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ কিংবা অন্যান্য দায়িত্বশীল ব্যক্তির প্রধান পরিচয় হওয়া উচিত তাঁর পেশাগত দক্ষতা, নৈতিকতা, প্রশাসনিক যোগ্যতা ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত অবস্থান ও সম্পর্কের পরিবর্তন ঘটলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাগত আদর্শ ও নিরপেক্ষতা বজায় রাখা অপরিহার্য। 

জামালপুর ও শেরপুরের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড, বর্তমান পদ-পদবি অর্জনের প্রক্রিয়া, প্রশাসনিক ভূমিকা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের বিষয়গুলো নিরপেক্ষভাবে পর্যালোচনার দাবি উঠেছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা, কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে অভিযোগগুলো তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর কে কোন অবস্থানে রয়েছেন, সেটিই মূল বিবেচ্য বিষয় নয়; বরং তাঁরা দায়িত্ব পালনে কতটা স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক ভূমিকা রাখছেন, সেটিই গুরুত্বপূর্ণ। অতীতের রাজনৈতিক যোগাযোগ, বর্তমান পদ-পদবি এবং প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে যে অনিয়ম বা স্বার্থসংশ্লিষ্ট যোগসূত্র রয়েছে, তা যথাযথ অনুসন্ধানের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।

শিক্ষাঙ্গন কোনো ব্যক্তির রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত বলয় কিংবা সুযোগ-সুবিধা অর্জনের ক্ষেত্র হতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা, শিক্ষার্থীদের স্বার্থ, শিক্ষকদের পেশাগত অধিকার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই হওয়া উচিত সংশ্লিষ্ট সবার প্রধান দায়িত্ব। অতীতের কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন, বর্তমান দায়িত্ব পালনের জবাবদিহি এবং সরকারি নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমেই শিক্ষাঙ্গনে সুস্থ, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব।

মন্তব্য (০)





image

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

১

নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের ট...

image

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ গ্রেপ্তার ৩

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত...

image

দু'দিনের টানা বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় শা...

৩

বেনাপোল প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ...

image

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ করল বিজিবি

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থ...

image

পাবনায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্...

৫

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা এলা...

  • company_logo