• জাতীয়

আওয়ামী নাশকতা: মূল ‘মাস্টারমাইন্ড’ ও অর্থদাতাদের তালিকা প্রকাশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন আর সড়ক অবরোধে থমথমে হয়ে উঠেছে পুরো দেশ। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় একের পর এক এমন নাশকতার ঘটনা ঘটছে। ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিলে ভেতরে ঘুমিয়ে থাকা চালক প্রাণ হারান। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন আরেক গাড়িচালক। 

শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহর ও টুঙ্গিপাড়ায় চলে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। পুড়িয়ে দেওয়া হয় বিএনপি-যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট ও গ্রামীণ ব্যাংক অফিস। ভাঙচুর করা হয়েছে পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক। এছাড়া পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। দফায় দফায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণে দিনভর পুরো জেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশের বিভিন্ন প্রান্তে এমন অবরোধ ও অস্থিরতা সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, বিস্ফোরকদ্রব্য সরবরাহ এবং অর্থের জোগান দেওয়ার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সুনির্দিষ্ট কয়েকটি স্তরে বিভক্ত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নাশকতার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড থেকে শুরু করে মাঠপর্যায়ের সরবরাহকারী ও অর্থদাতাদের নাম পাওয়া গেছে।

নাশকতামূলক কর্মকাণ্ডের মূল ‘মাস্টারমাইন্ড’ হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

সূত্র মতে, নাশকতামূলক কর্মকাণ্ডের নেপথ্যে থেকে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন আরও ১১ জন। এদের মধ্যে আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার (সুনামগঞ্জ-১), হাবিবুর রহমান হাবিব (সিলেট-৩), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), মাইনুল হোসেন খান নিখিল (ঢাকা-১৪) এবং মির্জা আজম (জামালপুর-৩)। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নামও এই তালিকায় রয়েছে। 

নেপথ্যে থাকা মধ্যম পর্যায়ের নেতৃত্বদানকারী হিসাবে আটজনের নাম গোয়েন্দা তালিকায় উঠে এসেছে। তারা হলেন-লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী। 

নাশকতায় অর্থের জোগানদাতা হিসাবে অঞ্চলভিত্তিক কয়েকজন প্রভাবশালী ব্যক্তির গোয়েন্দাদের তালিকায় রয়েছে। ঢাকা মহানগর অঞ্চলে অর্থদাতা ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত হিসাবে সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নাম রয়েছে। নারায়ণগঞ্জ অঞ্চলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমন মিয়া এবং চট্টগ্রাম অঞ্চলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর বাইরে সারা দেশে জেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতারা এবং আওয়ামী লীগ মনোভাবাপন্ন বড় ব্যবসায়ীরা অর্থের জোগান দিচ্ছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ককটেল এবং বিস্ফোরক জাতীয় পদার্থের উপাদান দেশের বাইরে থেকে কয়লার গাড়িতে করে বাংলাদেশে প্রবেশ করানো হয়, যা আওয়ামী লীগ সমর্থিত কয়লা ব্যবসায়ীদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এ ক্ষেত্রে বুড়িমারী স্থলবন্দর ও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের পাশাপাশি সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমসেরনগর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তবর্তী অঞ্চলগুলোকে রুট হিসাবে ব্যবহার করা হয়। দেশের বাইরে থেকে আনা বিস্ফোরক দিয়ে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির চর এলাকার নৌকায় এবং বিভিন্ন দুর্গম এলাকায় ককটেল তৈরি করা হয়। ককটেল তৈরির পর সেগুলো রাজধানীর রূপনগর, কালশী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, বোটানিক্যাল গার্ডেন ও গুলিস্তান এলাকায় একত্রিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ককটেল বিতরণের সময় এসব স্থান থেকে কয়েকজন আওয়ামী পন্থি গার্মেন্ট মালিক নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অর্থ বণ্টন করেন। এমন তথ্য রয়েছে গোয়েন্দা নথিতে। কার্যক্রম স্থগিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো সব বাধা উপেক্ষা করে গত অক্টোবর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের গোপন তৎপরতা ও ঝটিকা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে দলটির নেতাকর্মীরা মূলত রাতের আঁধারে বা আকস্মিক ছোট পরিসরে এসব কর্মসূচি পালন করছে। সম্প্রতি সংগৃহীত একটি গোয়েন্দা বা দাপ্তরিক পরিসংখ্যান বিশ্লেষণ করে গত ১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই দেড় মাসে তাদের সন্ত্রাসী ও সাংগঠনিক তৎপরতার এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ৫৭টি বিভিন্ন ধরনের তৎপরতা রেকর্ড করা হয়েছে। নভেম্বর মাসের প্রথম ১৪ দিনেই (০১-১৪ নভেম্বর) এই তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়ে ২৮১টিতে দাঁড়ায়। অর্থাৎ, আগের তুলনায় তাদের ঝটিকা কর্মকাণ্ড এবং শোডাউন উল্লেখযোগ্য হারে বেড়েছে। অক্টোবরে ২২টি ঝটিকা মিছিল হলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ৪০টিতে। অক্টোবরে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে তা বেড়ে ১০টিতে পৌঁছেছে। পাশাপাশি নভেম্বর মাসে অগ্নিসংযোগ একটি, কুশপুত্তলিকা দাহ পাঁচটি এবং উল্লেখযোগ্য হারে আতশবাজি ফোটানোর (৪৯টি) ঘটনা রেকর্ড করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র মতে, অক্টোবর মাসে যেখানে মাত্র ২টি মশাল মিছিল ও ৪টি বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই মশাল মিছিল বেড়ে ১০টি এবং বিক্ষোভ মিছিল ১৫টি হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে মাঠের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে। ঝটিকা ও বিক্ষোভ মিছিল, কেক কাটা বা জন্মদিনের ভিডিও অনলাইনে প্রচারের ঘটনা অক্টোবরে ৭টি থাকলেও নভেম্বরে তা বেড়ে ৩১টিতে দাঁড়িয়েছে। এছাড়া নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা চলতি মাসের প্রথম দুই সপ্তাহে গোপনে বৈঠক, পোস্টারিং, দোয়া মাহফিল, কেক কাটা এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মতো বেশ কয়েকটি নানা কর্মসূচিও পালন করেছে। রাজনৈতিকভাবে কোণঠাসা ও কার্যক্রম স্থগিত থাকলেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এ ধরনের আকস্মিক ও গোপন তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এদিকে রাজধানীর মালিবাগ, মিরপুর ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। সিসিটিভি ফুটেজ ও জবানবন্দিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং একটি সুসংগঠিত চক্রের সম্পৃক্ততা মিলেছে। জানা গেছে, নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে বস্তির নেশাখোরদের। গণ-অভ্যুত্থানে পরাজিত রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং পুলিশের পলাতক ও সাবেক শীর্ষ কর্মকর্তাদের কাছে বস্তির অপরাধীদের তালিকা রয়েছে। তাদের তালিকায় থাকা ওইসব অপরাধীদের এখন ব্যবহার করা হচ্ছে।

৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আদাবর, শাহবাগ, মিরপুর, মালিবাগ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। গত ৮ নভেম্বর রাতে মালিবাগে সিআইডি কার্যালয় এবং মিরপুর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মিরপুরের ঘটনায় পুলিশ আশরাফুল ও রিকশাচালক হৃদয় শেখকে আটক করে। আদালতে হৃদয়ের দেওয়া জবানবন্দিতে জানা যায়, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীরের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী শিপন ও ইব্রাহিমের মাধ্যমে ককটেল সংগ্রহ করা হয়েছিল। এছাড়া ৯ নভেম্বর সিএমএম আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমার আটক হন; যার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের মাইদুল ও রাসেলের সম্পৃক্ততা মিলেছে। অনুসন্ধানে জানা যায়, কড়াইল ও চলন্তিকাসহ বিভিন্ন বস্তির লোকজনকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে ভাড়া করে এসব নাশকতা চালানো হচ্ছে। 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন যুগান্তরকে বলেন, কয়েকটি ঘটনায় হাতেনাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল এবং এর অঙ্গসংগঠনের সদস্যরাই জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে। প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য (০)





image

আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তা...

১

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পু...

image

ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

২

নিউজ ডেস্কঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্...

image

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৩

নিউজ ডেস্কঃ দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ন...

image

রামিসা ধর্ষণ ও হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনের আপিল শুনা...

৪

রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধ'র্ষ'ণ-হ'ত্যা মামলায় মৃ'ত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সো...

image

রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে স...

৫

‎নিউজ ডেস্ক: মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাস উপলক্ষে খেজুর আমদানি...

  • company_logo