ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি দীর্ঘদিনের। দেশে নতুন নতুন বিভাগ গঠিত হলেও এখনো পূরণ হয়নি কুমিল্লাবাসীর সেই প্রত্যাশা।
এ নিয়ে জাতীয় সংসদে হতাশা প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন, কবে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।
মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার দীর্ঘদিনের ঐতিহাসিক ও শিক্ষাগত ঐতিহ্য রয়েছে। কিন্তু মহানগরী হিসেবে পরিচিতি থাকলেও এখন পর্যন্ত মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি কুমিল্লা। দুটি পৌরসভা একীভূত করে মহানগরী করা হলেও অবকাঠামো ও নাগরিক সেবার ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এখনো অনেক সেবা উপজেলা পর্যায় থেকে পরিচালিত হচ্ছে। বিষয়টিকে কুমিল্লার মানুষের প্রতি অবিচার বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবিতে ১২ জন সংসদ সদস্য একসঙ্গে সরকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য বলেন, এক মাসের মধ্যে কক্সবাজারে পৌরসভা করা হয়েছে। আশা করি, আগামী এক বছরের মধ্যে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী ও বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।
নিজের হতাশার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে নেই। তিনি জানেন, আমাদের বিব্রত হওয়ার অবস্থাটা। এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম। কোনো কিছু করতে পারিনি। আশায় আশায় বেঁচে আছি। আশা করি, কুমিল্লার প্রতি সুবিচার করবেন। আল্লাহ আপনাদের প্রতি সুবিচার করবেন।’
মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানানোর পর দেশে আরও অনেক বিভাগ গঠিত হয়েছে। এ বিষয়ে আরও অনেক কথা বলার থাকলেও তিনি কুমিল্লার মানুষের সম্মান রক্ষার আহ্বান জানাতে চান।
সরকারের কাছে সরাসরি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অবিলম্বে জানতে চাই, কবে কুমিল্লা বিভাগ হবে।’
বক্তব্যের একপর্যায়ে নিজের বয়সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে এমপি হয়েছি, বসে গেলাম।’
এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রসিকতা করে বলেন, ‘কোথায় বৃদ্ধ! আপনাকে তো নওজোয়ান মনে হচ্ছে।’
নিউজ ডেস্কঃ দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদ...
নিউজ ডেস্কঃ ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের...
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষর...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদের স্...
নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানি...

মন্তব্য (০)