• লিড নিউজ
  • জাতীয়

‎জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
‎
‎তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ঘোষণা ও প্রতিশ্রুতিকে বাস্তব ও কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে। বিশেষ করে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
‎
‎বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর ব্লু জোনে অবস্থিত নেপাল প্যাভিলিয়নে ‘এলডিসি পার্লামেন্টারিয়ানস অ্যাট কপ৩১ : টার্নিং ক্লাইমেট ডিক্লারেশনস ইনটু অ্যাকশন’— শীর্ষক বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
‎
‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
‎
‎কপ৩১-এ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সংসদ সদস্যদের এ বৈঠকে জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন ও দিলি ঘোষণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
‎
‎শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু সংকট সৃষ্টিতে ঐতিহাসিকভাবে অধিক দায়ী দেশগুলোকে তাদের আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
‎
‎তিনি আরও বলেন, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তুলনামূলকভাবে কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ এসব দেশের খাদ্যনিরাপত্তা, জীবিকা, কৃষি, অবকাঠামো ও টেকসই উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা অপরিহার্য।
‎
‎এ সময় তিনি আরও বলেন, ২০২৬ সালের এলডিসি দিলি মন্ত্রীপর্যায়ের জলবায়ু পরিবর্তনবিষয়ক ঘোষণা স্বল্পোন্নত দেশগুলোর অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকার আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এর লক্ষ্যসমূহ বাস্তবায়নে কেবল আন্তর্জাতিক আলোচনা নয়, জাতীয় পর্যায়ে আইন প্রণয়ন, নীতি সংস্কার, বাজেট বরাদ্দ, জবাবদিহি ও কার্যকর তদারকির মাধ্যমে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
‎
‎পরিবেশ প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জলবায়ু অর্থায়ন অবশ্যই উন্নত দেশগুলোর আন্তর্জাতিক প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অভিযোজন, প্রশমন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদানভিত্তিক ও সহজলভ্য অর্থায়ন বাড়ানো প্রয়োজন।
‎
‎তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে না দিয়ে অর্থায়ন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, ন্যায্য ও কার্যকর করতে হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার উদ্যোগে আন্তর্জাতিক সহায়তা বাড়াতে হবে।
‎
‎জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়াকে বৈশ্বিক জলবায়ু লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ রূপান্তর হতে হবে ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন চাহিদা ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উন্নত দেশগুলোকে এ ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে হবে।
‎
‎সংসদ সদস্যদের ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জলবায়ুবান্ধব আইন ও নীতি প্রণয়ন, সরকারি ব্যয়ের কার্যকর তদারকি, জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিতকরণ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংসদীয় সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
‎
‎তিনি আরও বলেন, কপ৩১-এর আলোচনা ও সিদ্ধান্ত যেন স্বল্পোন্নত দেশগুলোর বাস্তব চাহিদা প্রতিফলিত করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঘোষণার চেয়ে বাস্তবায়ন, প্রতিশ্রুতির চেয়ে কার্যকর পদক্ষেপ ও অর্থায়নের প্রতিশ্রুতির চেয়ে অর্থের প্রকৃত প্রাপ্যতা বেশি গুরুত্বপূর্ণ।
‎
‎‘পার্লামেন্টারিয়ানস ফর আ ফসিল-ফ্রি ফিউচার’ নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু আলোচক ও বিভিন্ন দেশের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।
‎
‎নেপালের সংসদ সদস্য অর্জুন কার্কির সঞ্চালনায় বৈঠকে নেপালের কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা চৌধুরী, ফিলিপাইনের সংসদ সদস্য ও নেটওয়ার্কটির এশিয়াবিষয়ক স্টিয়ারিং কমিটির সদস্য সিয়েলো ক্রিসেল লাগম্যান, তিমুর-লেস্তের ইউএনএফসিসিসি ফোকাল পয়েন্ট অগুস্তো ম্যানুয়েল পিন্টো এবং দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিচালক কার্লোস কনসেইসাও আলোচনায় অংশ নেন।
‎
‎বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে মতবিনিময় করেন।

মন্তব্য (০)





image

‎প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ...

১

‎নিউজ ডেস্কঃ জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ...

image

নয় মাসে বিচারবহির্ভূত হত্যা-গুমের পথে যায়নি সরকার: আইনমন্...

২

‎নিউজ ডেস্কঃ সরকার বিগত নয় মাসে কোনো ধরনের বিচারবহির্ভূত...

image

‎প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬,৭৫০ কোটি টাকার প্রকল্প...

৩

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাসে...

image

দখল-দূষণমুক্ত করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ হবে: নৌপরি...

৪

নিউজ ডেস্কঃ নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্...

image

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্...

৫

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর নেতৃত্ব ও ক...

  • company_logo