• লিড নিউজ
  • জাতীয়

‎প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহযোগিতার পরিধি সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
‎
‎আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং এ আগ্রহের কথা জানান।
‎
‎এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষভিত্তিক শিখন কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎
‎সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবকাঠামো নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠ্যক্রম ও শিক্ষক নির্দেশিকা প্রণয়ন, শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয় উন্নয়ন অনুদানের মতো বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করা হচ্ছে।
‎
‎তবে এসব উদ্যোগের প্রকৃত সুফল নিশ্চিত করতে শ্রেণিকক্ষে পাঠদান কতটা কার্যকর হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রত্যাশিত দক্ষতা অর্জন করছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করা জরুরি। এ কারণে সরকার এখন শ্রেণিকক্ষের বাস্তব চিত্র, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের শিখন অগ্রগতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
‎
‎পিইডিপি-৫ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, কর্মসূচিটির কার্যক্রম ও অর্থায়ন আরও সুনির্দিষ্ট, বাস্তবায়নযোগ্য এবং ফলাফলভিত্তিক করার লক্ষ্যে এটিকে একাধিক পৃথক প্রকল্পে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
‎প্রাথমিকভাবে ছয়টি পৃথক প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন, প্রকল্পের কার্যক্রম এবং প্রত্যাশিত ফলাফল আরও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে। এ প্রক্রিয়ায় বিদ্যমান উন্নয়ন সহযোগিতার আওতায় গৃহীত কার্যক্রম ও প্রতিশ্রুত সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
‎
‎প্রাথমিক শিক্ষার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও উন্নয়ন সহযোগীদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন ও জীবনব্যাপী শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। এডিবিসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে এ খাতে বৃহৎ পরিসরের প্রকল্প গ্রহণের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‎
‎এডিবির কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং প্রাথমিক শিক্ষা খাতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্বে চলমান সংস্কার উদ্যোগ, মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের প্রশংসা করেন।
‎
‎তিনি বলেন, শ্রেণিকক্ষের পাঠদান ও শিক্ষার্থীদের শিখনফল নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর এ প্রত্যক্ষ উদ্যোগ এডিবির দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ সময় তিনি প্রাথমিক শিক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
‎
‎সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, এডিবির পরিচালক (মানব ও সামাজিক উন্নয়ন) গি সুন সং, প্রজেক্ট অফিসার ফায়জা আহমেদ এবং প্রোগ্রামস অফিসার ফারিন ইসলামসহ এডিবির প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অনলাইন গণমাধ্যমকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বা...

১

নিউজ ডেস্কঃ অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্য...

image

‎বাঙালিরা প্রথম থেকেই সুবিধা বঞ্চিত ছিলো: স্পিকার

২

‎নিউজ ডেস্কঃ বাঙালিরা প্রথম থেকেই সুবিধা বঞ্চিত ছিলো বলে...

image

সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি : আরএসএফ ‎

৩

নিউজ ডেস্কঃ ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে স...

image

‎খিলগাঁও থানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল বিস্...

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে ভেতরে ঢুকে ...

image

‎২০ জেলায় ৮০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিম...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা ...

  • company_logo