ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ব্যক্তিপর্যায়ে ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা গণতান্ত্রিক সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, সরকার এমন নীতি ও আইনি কাঠামো বাস্তবায়নে কাজ করছে, যা দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা দেবে, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করবে এবং প্রত্যেকের মর্যাদা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করবে। উন্মুক্ত পরামর্শ ও সংলাপে সবাই মিলে কাজ করলে সাইবার নিরাপত্তার মূল উদ্দেশ্য বজায় রেখে একটি সুদৃঢ় জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।
রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত ‘সাইবারফ্রেমস ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, মানুষ প্রতিনিয়ত সাইবার জগতে জালিয়াতি, আর্থিক অনিয়ম, অপতথ্য ও মিসইনফরমেশনের শিকার হচ্ছেন। অসত্য তথ্যের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি ও মানুষের চরিত্রহননের মতো অপরাধ যেমন ঘটছে, তেমনি এই মাধ্যমকে নারীদের হয়রানি ও অনিরাপদ করার কাজে ব্যবহার করা হচ্ছে। ল্যাপটপ বা মোবাইল ফোনের মতো যেকোনো ডিভাইসে ইন্টারনেটের অপব্যবহার, সংবেদনশীল তথ্য চুরি ও হ্যাকিং রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ দিয়ে তিনি টেকনোলজির অনিয়ন্ত্রিত অপব্যবহার বন্ধ করার ওপর জোর দেন।
আয়োজিত প্রতিযোগিতা ও প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রশংসা করে তিনি উল্লেখ করেন, সাইবার অপরাধ ও গোপনীয়তা লঙ্ঘনের শিকার ভুক্তভোগীদের ভয় না পেয়ে দৃঢ়তার সাথে দাঁড়াতে হবে এবং রাষ্ট্রের আইনগত সহায়তা নিতে হবে। এমন ইতিবাচক ও সচেতনতামূলক উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে বলে জানান তিনি।
নর্থ সাউথ ইউনিভার্সিটিকে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় উল্লেখ করে মাহদী আমিন বলেন, বিএনপি সরকার এবং তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী চিন্তার আলোকে তৈরি নীতিমালার ওপর ভিত্তি করে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করেছিল।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের সাহসী অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
তরুণদের মেধা বিকাশ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার লক্ষ্য কেবল সার্টিফিকেট প্রদান নয়, বরং পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভাকে বিকশিত করা। শিল্প, সাহিত্য, সঙ্গীত কিংবা পারফর্মিং আর্টসে তরুণদের আগ্রহ ও দক্ষতাকে প্রস্ফুটিত করার পূর্ণ সুযোগ তৈরি করে দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম. এ. কাশেম, সদস্য বেনজীর আহমেদ এবং সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ।
নিউজ ডেস্কঃ তৃণমূলে আইন প্রয়োগকারী বাহিনী গ্রাম পুলিশের...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা এবং...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যত...
নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্...
নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উ...

মন্তব্য (০)