• আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতায় বড় ধাক্কা, হারাল কংগ্রেসের দুই কক্ষই

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলকে হারিয়ে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। খবর বার্তা সংস্থা রয়টার্সের

মার্কিন গণমাধ্যম সিএনএনের ডিসিশন ডেস্কের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ডেমোক্র্যাটরা।

ট্রাম্পের রেকর্ড পরিমাণ অজনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই জয় পেয়েছে দলটি। এর ফলে প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছরে ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বাড়তি ক্ষমতা পাচ্ছে ডেমোক্র্যাটরা।

এই জয়ের মধ্য দিয়ে রিপাবলিকানদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতেও বড় ধরনের ভাঙন ধরিয়েছে ডেমোক্র্যাটরা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে হেরে যাওয়া সাউথ ক্যারোলাইনায় সিনেট আসন জিতেছে দলটি। টেক্সাসেও জয় পেয়েছে তারা। সেখানে ১৯৯৪ সালের পর কোনো ডেমোক্র্যাট প্রার্থী রাজ্যব্যাপী নির্বাচনে জয় পাননি। এ ছাড়া কানসাসেও সিনেট আসন দখল করেছে দলটি। রাজ্যটিতে সর্বশেষ ১৯৩২ সালে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হয়েছিলেন।

গত ৫০ বছরে একই নির্বাচনি চক্রে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ এক দল থেকে অন্য দলের হাতে যাওয়ার ঘটনা ঘটেছে মাত্র দুবার।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি, ট্রাম্পের আরোপ করা শুল্ক, ইরান যুদ্ধ এবং তার ব্যক্তিগত আচরণ ও সম্পদ বাড়ানোর বিষয়ে ভোটারদের উদ্বেগ রিপাবলিকানদের পরাজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে।

সিএনএনের ভোটার জরিপ অনুযায়ী, ১০ জনের ছয়জনের বেশি ভোটার ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ জানিয়েছেন। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন, ট্রাম্পের নীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও খারাপ হয়েছে।

রয়টার্স বলছে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। কারণ, সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটির প্রয়োজন ছিল মাত্র তিনটি আসন বাড়ানো। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল আসন হারিয়ে থাকে।

তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন ডেমোক্র্যাটদের এই জয়কে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এই জয় পেতে ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের কাছে দুই অঙ্কের ব্যবধানে হেরে যাওয়া একাধিক রাজ্যে জয় পেতে হয়েছে তাদের। সাউথ ক্যারোলাইনা, টেক্সাস, ওহাইও, কানসাস ও আইওয়ায় সিনেট আসন জিতেছে দলটি।

নির্বাচনের সব ভোট গণনা শেষ না হওয়ায় কংগ্রেসের দুই কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা কতটা বড় হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে উভয় কক্ষেই কিছুটা স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে দলটি।

অবশ্য কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও নিজেদের পছন্দের সব আইন পাস করানো ডেমোক্র্যাটদের জন্য সহজ হবে না। কারণ, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কোনো বিলে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। এ ছাড়া সিনেটে অধিকাংশ আইন পাসের জন্য ৬০ ভোট প্রয়োজন হয়।

তবে দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের সুযোগ বাড়বে। এসব তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করতে সমন জারির ক্ষমতাও পাবে দলটি। একই সঙ্গে সিনেটের নিয়ন্ত্রণ থাকায় ট্রাম্পের বিচারক নিয়োগের প্রক্রিয়া আটকে দেওয়ার সুযোগ তৈরি হবে। এমনকি সুপ্রিম কোর্টে কোনো পদ শূন্য হলে সেখানে ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগও বাধাগ্রস্ত করতে পারবে ডেমোক্র্যাটরা।

মন্তব্য (০)





image

ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে প্রতিনিধি পরিষদ, সিনেটেরও নিয়ন...

১

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কং...

image

ট্রাম্পকে ‘ব্যর্থ ও ক্ষমতাচ্যুত’ আখ্যা দিলেন ডেমোক্রেট নেতা

২

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র...

image

‎ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ...

৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবল...

image

জামায়াতের সঙ্গে ভারতীয় গোয়েন্দাদের সম্পর্ক, রাশেদ খানের অ...

৪

নিউজ ডেস্কঃ  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্...

image

কপাল পুড়ছে নেতানিয়াহুর!

৫

নিউজ ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের ...

  • company_logo