ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর বায়তুল শরফ সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ সময় তিনি সড়কটির বেহাল অবস্থা দেখে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। আগামী কয়েক দিনের মধ্যেই সংস্কারকাজ শুরু হবে বলেও জানান তিনি।
রোববার (১ নভেম্বর) বিকেলে স্থানীয় নেতাকর্মী, সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি সড়কটি পরিদর্শন করেন।
সাম্প্রতিক বন্যায় ডলু নদীর পানির প্রবল স্রোতে উত্তর রামপুর বায়তুল শরফ সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের অংশবিশেষ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার পর থেকে সড়কটির বেহাল অবস্থার কারণে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহন এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে ভোগান্তি বেড়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
পরিদর্শনকালে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সড়কের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সড়কটির সংস্কারকাজের বিষয়ে আলোচনা করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় মানুষের চলাচলে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তা তিনি সরেজমিনে দেখেছেন। জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কটির সংস্কার জরুরি। আগামী কয়েক দিনের মধ্যেই সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া উপজেলা এলজিইডি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, সমাজসেবক আবদুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
এলাকাবাসী সংসদ সদস্যের এ আশ্বাসকে স্বাগত জানিয়ে দ্রুত সংস্কারকাজ শুরুর দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে ডলু নদীর পানির প্রবল স্রোতে যাতে সড়কটি আবারও ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য টেকসই সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন...
বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে ২০ ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চ...

মন্তব্য (০)