• লিড নিউজ
  • জাতীয়

নজরুলের সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনায় তরুণদের সম্পৃক্ত করতে হবে: সংস্কৃতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই নজরুল বর্ষ উদযাপনের অন্যতম প্রধান লক্ষ্য। নজরুলের সাহিত্য ও দর্শন তরুণদের মানবিক, অসাম্প্রদায়িক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘জাগো নব সৃষ্টির মহানন্দে’ প্রতিপাদ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎মন্ত্রী বলেন, মাদকাসক্তি, অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর আসক্তি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে সংস্কৃতি ও ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
‎
‎তিনি বলেন, দেশীয় সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, দেশীয় খেলাধুলা, নৌকা বাইচসহ বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশব্যাপী ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও কার্যকরভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের পুরোনো ও সমৃদ্ধ। এই ভূখণ্ডের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য যুগে যুগে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে আকৃষ্ট করেছে। পর্যটক ইবনে বতুতার বাংলাদেশ সম্পর্কে বর্ণনার উল্লেখ করে তিনি বলেন, এই ভূখণ্ডের সঙ্গে বিশ্বের মানুষের যোগাযোগের ইতিহাস অত্যন্ত প্রাচীন।
‎তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলের জীবনমুখী যাত্রা, বাউলগান, জারি-সারি, ভাটিয়ালি এবং হাসন রাজা, শাহ আবদুল করিম ও রাধারমনের মতো লোকসংগীতের স্রষ্টাদের গানকে কেন্দ্র করে দেশব্যাপী বিভিন্ন উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের সমৃদ্ধ লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
‎
‎অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে নজরুলের সাহিত্য ও জীবনদর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মন্সী আবু সাইফ।
‎
‎চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুতফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র। এছাড়া পৌরসভা প্রশাসক শারমিন আক্তার, জেলা কালচারাল অফিসার, জাসাস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎
‎বক্তারা নজরুলের সাহিত্য, সাম্য, মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।
‎
‎এর আগে সকালে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে জেলার সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতিমন্ত্রী। এ সময় তিনি নজরুল বর্ষ উপলক্ষে গৃহীত বিভিন্ন ক্যাটাগরির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কর্মসূচিতে জেলার সংস্কৃতিকর্মীদের ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
‎
‎মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে দেশীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
‎
‎ নজরুল উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করছে।
‎
‎পরে মন্ত্রী চুয়াডাঙ্গার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং এনএসআইয়ের অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।
‎
‎সভায় তিনি উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে তা গ্রহণ ও প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎এদিন চুয়াডাঙ্গা সার্কিট হাউসে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
‎
‎এ সময় নিতাই রায় চৌধুরী বলেন, সাম্প্রদায়িক বিভাজন এবং সংখ্যাগুরু-সংখ্যালঘুর বিভাজন থেকে বেরিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির ভিত্তিতে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। মত ও পথের ভিন্নতা থাকলেও বাংলাদেশে পাহাড় ও সমতলের জনগোষ্ঠী এবং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে, তা আরও সুদৃঢ় করতে হবে।
‎
‎তিনি বলেন, বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের শক্তি। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।
‎
‎এছাড়া চুয়াডাঙ্গা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সংস্কৃতিমন্ত্রী ও চুয়াডাঙ্গা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মন্তব্য (০)





image

‎লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রম...

১

নিউজ ডেস্কঃ লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জান...

image

ফটোসেশন আর লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন

২

নিউজ ডেস্ক : বিলাসবহুল লং ড্রাইভ ও ফটোসেশনের রাজনীতি বাদ দিয়...

image

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে নতুন নিম্নচাপ, ফের ঘূর্ণিঝড়ে...

৩

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপস...

image

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩ জন

৪

নিউজ ডেস্ক : মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশ...

image

টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান শিক্...

৫

নিউজ ডেস্কঃ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও জলবায়ু-স...

  • company_logo