ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি আজ মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী পূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও নানা দাবি তুলে ধরা হলে তিনি পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি আজ এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।
তিনি বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই একই এলাকার বাসিন্দা এবং এ দেশের নাগরিক। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
মন্ত্রী আফরোজা খানম সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী মানিকগঞ্জের নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মন্ত্রীকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ ও শিশুদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। এ সময় উপস্থিত সবাই পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও মঙ্গল কামনা করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউন...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা...
নড়াইল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের নড়াগাতী...
সাতকানিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাত...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নারী ফুটবলের...

মন্তব্য (০)