• জাতীয়

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বিমান ও পর্যটনমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ময়মনসিংহের উন্নয়নে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে। ময়মনসিংহ বিভাগকে অবহেলিত বিভাগ হিসেবে দেখতে চাই না। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সংসদ সদস্য, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

‎রবিবার (১১ অক্টোবর) দুপুরে নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত ‘সৃষ্টি সুখের উল্লাসে’ এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি
‎
‎মন্ত্রী বলেন, আজকের এই সংবর্ধনা শুধু শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি নয়, বরং আগামী দিনের আরও বড় সাফল্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারবে।
‎
‎তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নততর বাংলাদেশ হিসেবে দেখতে চান। তিনি একটি পরিকল্পনা নিয়ে এসেছেন, যার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলে বঞ্চিত শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। কেনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে প্রশ্রয় দেওয়া চলবে না। আমরা চাই, বাংলাদেশ উন্নত হয়ে উঠুক এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হোক।
‎
‎ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতের অগ্রগতি বিবেচনায় ঢাকার অদূরে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা চালানো হবে।
‎
‎তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এখন থেকেই এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মাদক থাকবে না। ছেলে-মেয়েরা শিক্ষার পাশাপাশি খেলাধুলায় অনুরাগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে এবং শৃঙ্খলা রক্ষা করবে। আজকের অনুষ্ঠানে যে শৃঙ্খলা দেখেছি, তা আমাকে মুগ্ধ করেছে। এত গরমের মধ্যেও এতক্ষণ ধরে এমন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।
‎
‎শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজের সাফল্যের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের দিকেও খেয়াল রাখতে হবে। আমাদের অনেক গরিব মানুষ আছেন, যারা পড়াশোনা করতে পারেন না, স্কুলে যেতে পারেন না। তাঁদের খাবার নেই, জমি নেই, ঘর নেই। তাঁদের পাশে দাঁড়াতে হবে। আপনাদের সহযোগিতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এ কাজ সম্পন্ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহারে যেসব কাজের ঘোষণা দিয়েছেন, সেগুলো একে একে বাস্তবায়ন করা হবে। তবে এ জন্য কিছুটা সময় প্রয়োজন।
‎
‎বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী বলেন, আমরা ৩৫টি বিমান কেনার উদ্যোগ নিয়েছি। অনেকেই প্রশ্ন করছেন, বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে বিমান কেনার দরকার কী? এই বিমানগুলো আসতে ১০ বছর সময় লাগবে। ২০৩১ সাল থেকে শুরু করে ২০৩৬-৩৭ সাল পর্যন্ত একে একে বিমানগুলো এসে পৌঁছাবে। তখন আমাদের বর্তমান বহরের বেশিরভাগ উড়োজাহাজের অপারেশনের মেয়াদ শেষ হয়ে যাবে। সেই চিন্তা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যারা বিরোধিতা করছেন, তাঁদের অনেকেই বিষয়টি বিবেচনা করছেন না।
‎
‎তিনি বলেন,  আমাদের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট চালু করতে হবে। নিউইয়র্ক, সিডনি, কোরিয়া ও চীনের মতো বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে।
‎
‎পর্যটনশিল্পের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নেত্রকোনার বিরিশিরিতে জাতীয় পর্যায়ে ভালো পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে যাতে বৃহত্তর ময়মনসিংহের মানুষ বলতে পারেন, তাঁদের এলাকায় এমন একটি সুন্দর জায়গা রয়েছে, যেখানে বিদেশ থেকেও পর্যটকরা এসে ঘুরে দেখতে পারবেন।
‎
‎ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে মন্ত্রী বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। আমরা সবাইকে নিয়ে এ বিষয়ে চেষ্টা করব। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি নিজে এ বিষয়ে কথা বলব। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এসব কাজ ধীরে ধীরে এগিয়ে যাবে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং শৃঙ্খলা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
‎
‎তিনি আরও বলেন, ময়মনসিংহ বিভাগকে অবহেলিত বিভাগ হিসেবে দেখতে চাই না। নোয়াখালী, সিলেটসহ অন্যান্য এলাকার মানুষ নিজেদের এলাকার উন্নয়নে যেভাবে চেষ্টা করেন, ময়মনসিংহের মানুষকেও সেভাবে এগিয়ে আসতে হবে। ময়মনসিংহ বিভাগে কর্মরত কর্মকর্তাদের বলেছি, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের বেকারত্ব দূর করতে হবে। বৃহত্তর ময়মনসিংহের সবাই একসঙ্গে কাজ করলে সবার আশা পূরণ হবে, ইনশাআল্লাহ।
‎
‎আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ধর্ম যার যার, দেশ সবার, এটি আমরা বিশ্বাস করি। দুর্গাপূজায় কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আজ আইনশৃঙ্খলা সভায় আমি বলেছি, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
‎
‎মন্ত্রী বলেন, নিজের সাফল্য হলেই হবে না, অন্যের সাফল্যের দিকেও খেয়াল রাখতে হবে। আজকের কৃতী শিক্ষার্থীরাই ময়মনসিংহের মুখ উজ্জ্বল করবে এবং বাংলাদেশের গৌরব বৃদ্ধি করবে। গণতান্ত্রিক সরকার আসার আগে দীর্ঘ ১৭ বছর যেন সবকিছু স্থবির হয়ে ছিল। এখন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার পাশাপাশি ময়মনসিংহ বিভাগকে তার ঐতিহ্য ও মর্যাদার উচ্চতায় ফিরিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আপনারা বাংলাদেশের মুখ, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের ভবিষ্যৎ। আপনারা একেকজন ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সাংবাদিক হবেন, ব্যবসায়ী হবেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতা করবেন, বাংলাদেশকে সহযোগিতা করবেন। আপনারা ভালো খেলোয়াড় হবেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। আমরা সেই আশা করি।
‎
‎শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের সঠিক পথটি বেছে নিতে হবে। সঠিক পথে চলতে হবে। আপনারাও একদিন হয়তো রাজনীতিবিদ হবেন। হয়তো আপনাদের মাঝ থেকে একদিন এমপি, মন্ত্রী হবেন। হয়তো আপনাদের মাঝ থেকে একদিন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশের নকল বন্ধ করেছেন। এখন থেকে যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার থাকবে, মেধার ভিত্তিতে আপনারা পরীক্ষার ফলাফল পাবেন। কোনো কারচুপি, নকলের আর সুযোগ নাই।
‎
‎ময়মনসিংহের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আমরা ময়মনসিংহে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করছি। এই তথ্য কমপ্লেক্সে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা থাকবে। সাংবাদিক ভাইদের জন্য সুযোগ-সুবিধা থাকবে, বিনোদনের জন্য একটি আধুনিক সিনেপ্লেক্স এবং বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা থাকবে। এখানে সিনিয়র-জুনিয়র, এমনকি ছাত্র-ছাত্রীদেরও বিনোদনের সুবিধা থাকবে। শুধু ময়মনসিংহবাসীর জন্য এই সুযোগ-সুবিধা আপনারা উপভোগ করতে পারবেন। তাছাড়া ৬৪টি জেলায় আমাদের তথ্য কমপ্লেক্স হবে।
‎
‎ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ -৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, অভিভাবক, শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জ...

১

নিউজ ডেস্ক : দলের ভেতরে যে কোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠ...

image

জনগণের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়

২

নিউজ ডেস্ক : উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অ...

image

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কাল

৩

নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান...

image

ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি ...

৪

নিউজ ডেস্ক : ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে গৃহ...

image

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন, খাদ্যশ...

৫

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশে...

  • company_logo