সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও যোগদান অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয়ভাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। সাংবাদিকদের আমন্ত্রণ, অনুষ্ঠানস্থলে উপস্থিতি এবং পরবর্তীতে আয়োজকদের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের জেরে তারা অনুষ্ঠানটি বর্জন করেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার কেরানিহাট সি-ওয়ার্ল্ড রিসোর্টে সাতকানিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সম্মানিত নাগরিকদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন ব্যক্তির এনসিপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও প্রচারণা চালানো হয়। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, ব্যাপক প্রচারণা চালানো হলেও সাতকানিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কোনো আমন্ত্রণ জানানো হয়নি।
তবে অনুষ্ঠানের কয়েক দিন আগে ‘এনসিপি সাতকানিয়া মিডিয়া সেল’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। ওই গ্রুপে স্থানীয় কয়েকজন সাংবাদিককে যুক্ত করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বার্তা দেওয়া হয়। সাংবাদিকদের ভাষ্য, ওই বার্তার পর তারা বিষয়টিকে অনুষ্ঠান কাভারের জন্য আয়োজকদের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণ হিসেবেই ধরে নেন।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার নির্ধারিত সময়ের আগেই কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তারা পুরো অনুষ্ঠানজুড়ে সংবাদ সংগ্রহ ও অনুষ্ঠান কাভারের দায়িত্ব পালন করেন।
সাংবাদিকদের দাবি, অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ফেরার সময় তারা আয়োজকদের সঙ্গে সংশ্লিষ্ট ‘লায়ন এ.এম. মুন্না চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি’ পরিচয়ধারী এক ব্যক্তির সঙ্গে কথা বলতে যান। নিজেদের পরিচয় দিয়ে তারা জানান, তারা মিডিয়া কর্মী এবং অনুষ্ঠানটি কাভার করতে এসেছেন। তবে তাদের বক্তব্য শেষ হওয়ার আগেই ওই ব্যক্তি বলেন, “আমরা কাউকে দাওয়াত দিইনি।”
সাংবাদিকদের ভাষ্য, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য একটি মিডিয়া-সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দেওয়ার পরও এ ধরনের বক্তব্য তাদের কাছে অপ্রত্যাশিত ও বিব্রতকর মনে হয়েছে। তারা বলেন, কোনো ব্যক্তিগত আমন্ত্রণ বা বিশেষ সুবিধার প্রত্যাশায় নয়, বরং সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবেই তারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে কর্মরত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে সাংবাদিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে অনুষ্ঠানটি বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানান।
স্থানীয় সাংবাদিকেরা বলেন, রাজনৈতিক দলগুলোর অনুষ্ঠান কাভারের ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের বিষয়টি স্পষ্ট থাকা প্রয়োজন। আমন্ত্রণ জানানো হলে সেটি পরিষ্কারভাবে জানানো এবং আমন্ত্রণ না থাকলে বিষয়টি আগেই স্পষ্ট করা হলে সাংবাদিক ও আয়োজক—উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব।
তাদের অভিযোগ, একদিকে সাংবাদিকদের একটি মিডিয়া গ্রুপে যুক্ত করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে অনুষ্ঠানস্থলে এসে তাদের দাওয়াত দেওয়া হয়নি—এমন বক্তব্য দেওয়া হয়েছে। এ কারণে তারা বিব্রত হয়েছেন এবং প্রতিবাদ হিসেবে অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তবে সাংবাদিকদের অভিযোগ এবং অনুষ্ঠান বর্জনের বিষয়ে এনসিপি সাতকানিয়া শাখার দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মন্তব্য (০)