দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, এবং সচেতন নাগরিক কমিটি সনাক এবং টিআইবি’র যৌথ উদ্দ্যগে আজ সোমবার দিনাজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
জেলা শহরের হাসপাতাল মোড় থেকে র্যালী বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পেশাজীবী, শিক্ষার্থী, সাধারণ জনগণ, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথি জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন এবং আইনটির যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি জানান আমরা বেশী বেশী তথ্য জানবো এবং নিময় অনুযায়ী সেই আইন মানবো তাহলেই অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে। তিনি টিআইবি’র পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে তথ্য অধিকার বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে আইন ও বিধি অনুযায়ী তথ্য প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
সনাকের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, প্রতিবেদনটি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে শেয়ার করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য হালনাগাদের উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক ডা: মোঃ সিরাজুল ইসলাম, টিআইবি’র দুর্নীতি প্রতিরোধ ও তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কার্যক্রমের প্রশংসা করে বলেন, তথ্য অধিকার আইন প্রণয়নের ফলে জনগণের তথ্য জানার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ের প্রয়োজনীয় তথ্য স্বপ্রণোদিতভাবে প্রকাশ ও নিয়মিত হালনাগাদ করার আহ্বান জানান।
সনাক সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদ বলেন, তথ্য অধিকার আইন পুরোপুরি বাস্তবায়িত হলে জনগণ আরও ক্ষমতায়িত হবে। প্রয়োজনীয় তথ্য পেতে জনগণকে আইনটি ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি আইনে যেসব তথ্য প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে, সে বিষয়েও জনসচেতনতা প্রয়োজন। তিনি বলেন, আমরা তথ্যসমৃদ্ধ হবো এবং অন্যকেও সঠিক তথ্য দিয়ে সহায়তা করবো তাহলেই তথ্য অধিকার দিবস পালন সার্থক হবে। দিবসটি উপলক্ষ্যে টিআইবি কর্তৃক সরকারের নিকট প্রদত্ত সুপারিশসমূহ আলোচনায় তুলে ধরা হয়।
বক্তারা বলেন, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বপ্রণোদিত তথ্য প্রকাশ ও ওয়েবপোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ করা প্রয়োজন। আলোচনা সভায় সেবাগ্রহীতারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি এবং তথ্য প্রাপ্তিতে তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
তথ্য জানার অধিকার নিশ্চিতকরণে টিআইবি’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সনাকের উদ্যোগে জেলার বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে সেবার হালনাগাদ তথ্য, প্রতিষ্ঠান প্রধানের তথ্য, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, খবর, নোটিশ বোর্ড ও যোগাযোগের তথ্যসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। পর্যবেক্ষণের ভিত্তিতে প্রস্তুুত করা প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করা হয় এবং আলোচনা সভায় বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ওয়েবপোর্টালগুলোতে প্রয়োজনীয় ও হালনাগাদ তথ্য নিশ্চিত করে জনগণের জন্য তথ্য সহজলভ্য করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য বলে জানানো হয়।
মন্তব্য (০)