ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন গাজীপুরের দুই সংসদ সদস্য। এর মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। আর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংশ্লিষ্ট স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপের পক্ষে এ প্রস্তাব উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে প্রস্তাব দুটি গৃহীত হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন ছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ আব্দুল মালিক, মো. জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম ও আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম।
এর আগে ফজলুল হক মিলন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এবং সরকারি হিসাব সম্পর্কিত দুটি স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার পর পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সেখানে ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন মাজহারুল ইসলাম ও মো. ফরিদুল কবীর তালুকদার।
অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। পেশায় চিকিৎসক বাচ্চুর নেতৃত্বে ১০ সদস্যের এই কমিটি স্বাস্থ্য, চিকিৎসাসেবা ও পরিবার কল্যাণ খাতের বিভিন্ন কার্যক্রমের সংসদীয় তদারকি করবে।
সংসদে উত্থাপিত প্রস্তাবে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
চিকিৎসক হিসেবে পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন একজন সংসদ সদস্যকে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়ায় গাজীপুর-৩ আসনের নির্বাচনী এলাকায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টদের ধারণা, চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ে তাঁর অভিজ্ঞতা কমিটির কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
জাতীয় সংসদে বর্তমানে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। এখন পর্যন্ত ৪৫টি কমিটি গঠিত হয়েছে-এর মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ৯টি বিষয়ভিত্তিক কমিটি।
ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে গাজীপুরের দুই সংসদ সদস্য একই দিনে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি গুরুত্ব পেয়েছে।
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে মার...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়া...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামে...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমা...
গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই কর্মস্থলের উদ্দেশ্যে ব...

মন্তব্য (০)