• লিড নিউজ
  • জাতীয়

‎প্রেম ও দ্রোহের মহাকাব্য: দুখু মিয়া থেকে জাতীয় কবি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ লোহার শিকল তার কণ্ঠ রুদ্ধ করতে পারেনি, কারাগারের অন্ধকারও নিভিয়ে দিতে পারেনি বিদ্রোহের আগুন। অন্যায়ের বিরুদ্ধে যে কণ্ঠ একদিন উচ্চারণ করেছিলো শিকল ভাঙার গান, সময়ের সীমানা পেরিয়ে সেই কণ্ঠ আজও বেঁচে আছে মানুষের মুক্তির আকাঙ্ক্ষায়। বিদ্রোহ, সাম্য আর মানবতার সেই অমর কবি কাজী নজরুল ইসলাম।

‎কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট

‎কখনো কখনো একটি গান শুধু গান থাকে না, সময়ের বুক চিরে বেরিয়ে আসে আর্তনাদ হয়ে। হয়ে ওঠে শিকলে বাঁধা মানুষের স্বপ্ন, অন্ধকারে পথহারা মানুষের মুক্তির মশাল। আর সেই মশাল হাতে যে মানুষটি দাঁড়িয়েছিলেন.তিনি নজরুল।

‎একদিন সত্যিই কারাগারের অন্ধকারে বন্দি ছিলেন তিনি। বাইরে তখন পরাধীনতার নিশ্বাস, আর ভেতরে এক কবির বুক জুড়ে স্বাধীনতার দুর্নিবার ঢেউ। কলম আর কণ্ঠ থামেনি। এমনকি ক্ষুধার্ত শরীরটিও অন্যায়ের কাছে মাথা নোয়ায়নি। কারাগারের অবমাননা ও নিপীড়নের প্রতিবাদে নজরুল বেছে নিয়েছিলেন অনশন। দিন গড়িয়েছে, শরীর ভেঙেছে, কিন্তু ভাঙেনি তার আত্মার দীপ্তি।

‎কারণ তার লড়াই শুধু নিজের জন্য নয়। যে মানুষ কথা বলতে পারে না, যে মানুষ শিকলে বাঁধা, যে মানুষ অন্যায়ের ভারে নত, নজরুলের বিদ্রোহ ছিল তাদের সবার হয়ে। তাই তার কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ সময়কে ছাপিয়ে গেছে।

‎আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির"

‎সেই শির কখনো নত হয়নি। ব্রিটিশের চোখে তিনি ছিলেন বিদ্রোহী, শোষিতের চোখে আশ্রয়, প্রেমিকের কাছে বিরহের সঙ্গী, আর নিপীড়িত মানুষের কাছে এক মুঠো সাহস। ১৯২২ এ প্রকাশিত বিদ্রোহী কবিতা তাঁকে এনে দিল অভূতপূর্ব খ্যাতি। অগ্নিবীণা, বিষের বাঁশী, সাম্যবাদী, সর্বহারা…শব্দের পর শব্দে তিনি যেন খুলে দিলেন বাংলা সাহিত্যের বন্ধ জানালা। বিস্ময় এখানেই শেষ নয়…

‎যে হাতে বিদ্রোহের আগুন, সেই হাতেই ফুটেছে প্রেমের কুসুম। যে কণ্ঠে শিকল ভাঙার বজ্রধ্বনি, সেই কণ্ঠেই বেজেছে গজল, শ্যামাসংগীত, ইসলামি গান, ভক্তিগীতি। তিনি ধর্মের দেয়াল দেখেননি, দেখেছিলেন মানুষ। তাই তাঁর সুরে পাশাপাশি হেঁটেছে মসজিদের আজান আর মন্দিরের ঘণ্টাধ্বনি, প্রেম আর প্রতিবাদ, বেদনা আর উল্লাস। এই কারণেই নজরুল শুধু একজন কবি নন, তিনি বাংলা সংস্কৃতির এক বহমান নদী, যার এক তীরে বিদ্রোহ, অন্য তীরে প্রেম, আর মাঝখানে মনুজ।

‎১৮৯৯ এর চুরুলিয়ার দরিদ্র ঘরে জন্ম নেওয়া সেই দুখু মিয়া, লেটোর গানের আসর থেকে সৈনিকের জীবন। সেখান থেকে সাংবাদিকতা, কবিতা ও সংগীতের বিস্ময়কর জগৎ, নিজের জীবনকেই যেন বানিয়েছিলেন এক অসমাপ্ত মহাকাব্য। কিন্তু নিয়তি একদিন তার কণ্ঠ কেড়ে নিলো।

‎১৯৪২ এর পর দীর্ঘ অসুস্থতা ও নীরবতা তার সৃষ্টিশীল জীবনকে স্তব্ধ করে দেয়। কবি কথা বলতে পারেননি কিন্তু তাঁর লেখা কথা বলতে থেকেছে। স্বাধীন বাংলাদেশ তাঁকে বুকে টেনে নেয় ১৯৭২ সালে। এই দেশেই তিনি পেলেন জাতীয় কবির মর্যাদা।

‎পেলেন একুশে পদক, পেলেন সম্মানসূচক ডি.লিট। ভারতও তাকে পদ্মভূষণে সম্মানিত করে। তারপর ১৯৭৬-এর ১২ ভাদ্র. নশ্বর শরীরটি থেমে গেল।

‎নজরুল চলে গেছেন কিন্তু তার বিদ্রোহ যায়নি। কবির কণ্ঠ স্তব্ধ হয়েছে, কিন্তু তার শব্দ এখনো জেগে আছে। শিকল ভাঙার শব্দ হয়ে। মানুষ হয়ে ওঠার স্বপ্ন হয়ে। আর অন্যায়ের সামনে মাথা না নোয়ানোর সাহস হয়ে।

মন্তব্য (০)





image

‎সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকার দলীয় ...

image

‎নেপালের আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নিউজ ডেস্কঃ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ...

image

‎বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন: রাষ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় চীন কাজ করতে ...

image

সরকারের ছয় মাসে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ২০০ মেগাওয়...

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএ...

image

এডুকেশন এক্সচেঞ্জ বাংলাদেশ-চীন মেলবন্ধন শক্তিশালী করবে: ম...

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে জনযোগাযোগ জোরদারে এড...

  • company_logo