ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি বা আইনি নিষেধাজ্ঞা দিয়ে কখনো চিরতরে দমিয়ে রাখা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী মনোজগৎ সাময়িকভাবে কাউকে নিষিদ্ধ করতে পারে বা জনগণকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু সব সময়ের জন্য সত্যকে বন্দি রাখা সম্ভব নয়। প্রকৃতি ও স্রষ্টার আইন তার নিজস্ব গতিতেই চলে।’
শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকাশনা সংস্থা ‘মাতৃভাষা প্রকাশ’ অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমানকে ঘিরে এই বইটি মূলত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মনোজগতের বিরুদ্ধে একটি ঐতিহাসিক সত্যের দস্তাবেজ। রাজনৈতিক নিপীড়ন ও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েও তারেক রহমান ও তার পরিবার যে আত্মত্যাগ স্বীকার করেছেন, তা গণতন্ত্রের প্রতি জনগণের আগ্রহ ও স্পৃহাকে আরও শক্তিশালী করেছে।
ইতিহাস থেকে স্বৈরাচারীদের শিক্ষা না নেওয়ার পরিণতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘হিটলার থেকে শুরু করে ইতিহাস থেকে যারা শিক্ষা নেয়নি, তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। শেখ হাসিনাও ইতিহাস থেকে শিক্ষা নেননি বলেই জনগণের ম্যান্ডেট হারিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাতৃভাষা প্রকাশের প্রকাশক নেসার উদ্দীন আয়ূব এবং অনুভূতি প্রকাশ করেন বইটির লেখক ইমরুল কায়েস।
নিউজ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...
নিউজ ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের...
নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

মন্তব্য (০)