ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করার আগে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার বিকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির এক বিশাল পথসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও দলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির আলহাজ কামরুজ্জামানসহ এনসিপির শীর্ষস্থানীয় নেতারা।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর তত্ত্বাবধায়ক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু সাঈদ লিয়ন।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের ডাক দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্র-জনতার রাজনৈতিক অধিকার সুরক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই।
তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করার শামিল হবে।
আওয়ামী লীগের শাসন ব্যবস্থার তীব্র সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের তৈরি করা নির্বাচন কমিশন এবং সংবিধান এখনো বহাল রয়েছে। একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য অবিলম্বে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি।
জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জোরালো করে তিনি বলেন, কোনো অবস্থাতেই কাঠামোগত সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দেওয়া যাবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে, যাতে তৃণমূল পর্যায়ে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারে।
সভায় বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি সরকার ৮ হাজার কোটি টাকার যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, তা মূলত ক্ষমতাসীন দলের এমপিদের এলাকাকে কেন্দ্র করে করা হয়েছে।
তারা প্রশ্ন রেখে বলেন, তারা কি শুধু একটি দলের সরকার, নাকি সমগ্র দেশের ৩০০ আসনের সরকার? সবার আগে বাংলাদেশের কথা বলে কিভাবে তারা শুধু ক্ষমতাসীন দলের এমপিদের জন্য বাজেট বরাদ্দ দেন। এর চেয়ে নির্লজ্জ বিষয় আর হতে পারে না।
সভায় বক্তারা আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না এবং তা সরাসরি প্রতিহত করা হবে।
সভা চলাকালে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জলঢাকা উপজেলার জন্য দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়নকে বিজয়ী করার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক পাটওয়ারী তাকে উপস্থিত হাজারও জনতার সঙ্গে হাত তুলে পরিচয় করিয়ে দেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)