দিনাজপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, গণভোটের রায় আধাআধি নয়, বর্তমান সরকারকে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিয়ে নতুন ফর্মুলা দিতে দাবি জানিয়েছেন তিনি।
দেশব্যাপি পদযাত্রার রোডম্যাপ কর্মসূচির উত্তরাঞ্চল সফরের ৩য় দিনে আজ শনিবার বিকালে দিনাজপুরের ফুলবাড়ীতে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় ওই দাবি জানানো হয়। এর আগে ঢাকামোড় থেকে পদযাত্রা বের করে সভাস্হলে পৌছান তারা।
আখতার হোসেন এমপি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা ধরনের অস্থিরতা তৈরি হযেছিল। সে সময় তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশে ১৭ বছর ধরে ফ্যাসিবাদ চাপিয়ে দিলেন। বর্তমান যে ফর্মুলা তত্ত্বাবধায়ক সরকার রয়েছে সেটি আমাদের জন্য অসুবিধা। কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সাবেক বিচারপতিরা। ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের একটি নতুন ফর্মুলা তৈরি করতে হবে। সেটি জুলাই সনদের মধ্যে বলা আছে। বর্তমান বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা মানে, নতুন ফর্মুলা মানতে চায় না।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা সকলে প্রত্যাশা করেছিলাম যে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো। যে বাংলাদেশে প্রশাসন নিরপেক্ষ থাকবে। যে বাংলাদেশে মানুষ ঘুষ ছাড়া চাকরি পাবে, যে বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বাংলাদেশের মানুষ যে নতুন রাষ্ট্রটা গড়ার জন্য ভোট দিয়েছিল, সেই ভোটটাকেই এখন আর কার্যকর করা হচ্ছে না। আমরা দুইটা ভোট দিয়েছি। সরকার গঠনের ভোট আর গণভোট। তারা সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট আর মানে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহবায়ক ড. আতিক রহমান মুজাহিদ এমপি, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদসহ অন্যান্যরা।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আওমামী লীগের ১৭ বছরের বিডিআর পিলখানায় গণহত্যা, শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যা, ভারতের প্রধানমন্ত্রী মোদী বিরোধী আন্দোলনকারীদের হত্যা-নির্যাতনসহ ২০২৪ জুলাই আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালিয়ে গণরোষের প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা।
তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ভারত যদি কথা ও কাজের মধ্য আধিপত্যবাদ বহাল করতে চায়, তাহলে আমরা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র মনে করি না। যারা একজন গণহত্যাকারী ও ওসমান হাদীর হত্যাকারীদের আশ্রয় দেয়, যারা আমার দেশকে ন্যায্য পানির হিস্যা বুঝিয়ে দেয় না, যারা খরার সময় পানি আটকে রাখে, বর্ষায় ছেড়ে দিয়ে মানুষকে হত্যার কর্মযজ্ঞ করে, তারা কোনোদিন আমাদের প্রতিবেশী বন্ধু হতে পারে না।
মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, দেশের ১৪০০ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ। এই দেশে ফ্যাসিবাদি হয়েছিল এখনো ফ্যাসিবাদি হামলা চলছে। এটি অব্যাহত থাকলে আপনাদের সাথে আগামী দিনে আমাদের শক্ত লড়াই হবে ইনশাআল্লাহ! বর্তমান তরুণ-তরুণী সবার বুকে আছে ওসমান হাদীর আগামীর স্বপ্ন, সবার বুকে আছে ওসমান হাদির বিশ্বাসের স্বপ্ন। তাই আগামীতে যে লড়াই হবে, সেটি হবে জুলাই সনদ ও গণভোট অমান্য কারীদের বিরুদ্ধে, ১৪০০ ছাত্র-জনতার রক্তের সাথে যারা বেইমানি করবে তাদের বিরুদ্ধে।
আসন্ন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপি স্হানীয় নেতা ইমরান চৌধুরী নিশাদ এবং পৌরসভা নির্বাচনে দলীয় মনোনিত মেয়র প্রার্থী শিহাব হোসেনকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নেতারা।
মন্তব্য (০)