ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে আবারও নিজের অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরেছে। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে ৩ লাখ ৯৪ হাজারেরও বেশি অর্থনৈতিক ইউনিট সক্রিয় রয়েছে, যেখানে কর্মরত জনবলের সংখ্যা প্রায় ২৫ লাখ ৩০ হাজার। শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানে এই বিশাল পরিসংখ্যান জাতীয় অর্থনীতিতে গাজীপুরের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন ঘটিয়েছে।
সোমবার (১৫ জুন) গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪: ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার’-এ এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
সেমিনারে বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক বলেন, দেশের প্রকৃত অর্থনৈতিক চিত্র জানতে হলে শুধু বড় শিল্পপ্রতিষ্ঠান নয়, পাড়া-মহল্লার ক্ষুদ্র ব্যবসা ও ছোট দোকানগুলোকেও শুমারির আওতায় আনা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের কাছে শুমারির গুরুত্ব পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শুমারি ও জরিপ কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে জটিল ও দুর্বোধ্য পরিভাষার পরিবর্তে সহজ ও বোধগম্য শব্দ ব্যবহার করা উচিত। এতে তথ্য সংগ্রহ যেমন সহজ হবে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাবে।
জেলা প্রশাসক গাজীপুরকে দেশের শিল্প অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ জেলার অর্থনৈতিক সক্ষমতাকে আরও সমৃদ্ধ করেছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মাহনুমা খানম।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেমিনারে অংশ নেন। বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, কর্মসংস্থান নীতি প্রণয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
সেমিনারে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শুমারির ফলাফল শুধু গাজীপুর নয়, জাতীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগবান্ধব নীতি নির্ধারণেও কার্যকর ভূমিকা রাখবে।
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ...
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি ট্রলারসহ ...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউপি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)