পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন দলেরই এক অংশের নেতাকর্মীরা।
এই চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় বিএনপির কর্মীরা শনিবার (০৬ জুন) রাতে ছাইকোলা বাজারে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা এই দুই নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণসহ আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
জানা গেছে, ছাইকোলা বাজারে টোল তোলা ও স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে ছাইকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের মধ্যে দ্বন্দ চলছিল। শনিবার ছাইকোলা বাজার মোড়ে দুই দফা মুখোমুখি হয় দুই গ্রুপের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এরপর রাতে আতিকুর রহমান আতিকের নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী লাঠিশোঠা হাতে নিয়ে হারুন অর রশীদ ও রাকিবুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও পথসভা করে। পথসভায় বক্তব্য দেন, সাগর হোসেন, আলামিন হোসেন, আতিক প্রমুখ।
এ ব্যাপারে ছাইকোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, ৫ আগস্টের পর হারুন অর রশীদ ছাইকোলা ইউনিয়নব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাকিবুলসহ অন্য কর্মীদের দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসছে। দলের নেতাকর্মীদেরও তারা ছাড়ছে না। তাদের অত্যাচারে এলাকা ছেড়ে অনেকেই পালিয়ে আছে। হারুন অর রশীদের কোনো আয় নেই, অথচ দলের নাম ভাঙিয়ে প্রকাশ্যেই চলছে তার চাঁদাবাজি। আমরা দলের সুনাম ক্ষুন্ন হতে দেব না। তাই তাদের এই চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ ও পথসভা করেছি।
এ বিষয়ে ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ওরা যেটা করছে, পুরোটা উদ্দেশ্যে প্রণোদিতভাবে করছে। চাঁদাবাজির কোনো ঘটনা নাই। অন্য একটি বিষয় নিয়ে মুলত ঝামেলা তাদের সাথে। সেটা আড়াল করতে মিথ্যা অভিযোগ তুলে আবোল তাবোল বলতেছে ওরা। মুল ঘটনা আমাদের ছাত্রদলের দুইটা ভাইকে আওয়ামীলীগ পরিবারের ছেলেপেলো মারধর করে। সেটার প্রতিবাদ করতে গেলে তারা কয়েক ভাই মিলে আমার উপর হামলা করে। এখন উল্টো তারাই আমাদের চাঁদাবাজ বলতেছে।
অভিযোগের ব্যাপারে ছাইকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, আতিক, আলামিন এরা ৫ আগস্টের আগে আওয়ামীলীগের সাথে মিলেমিশে চলেছে। এখন তারা বিএনপি সেজেছে। গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীষের পক্ষে আর তারা বিপক্ষে নির্বাচন করেছে। এটা একটা কারণ। আরেকটা কারণ সম্প্রতি ছাত্রদলের এক ছেলেকে ছাত্রলীগের এক ছেলে মারপিট করে। সেই বিষয়টা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব শুনতে গেলে কথা কাটাকাটি থেকে পরে হাতাহাতি হয়। আর আলামিন, আতিক গ্রুপের ধারণা, এই ঘটনার সাথে আমার ইন্ধন আছে। তাই তারা কয়েক ভাই কিছু লোক নিয়ে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
এ বিষয়ে চাটমোহর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ছাইকোলার ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে খবর পেয়ে দুই দফা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মন্তব্য (০)