ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
সোমবার (১৮ মে) এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম সফর।
সভায় আগামী অর্থবছরের জন্য স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নসহ মোট ব্যয় প্রস্তাব ধরা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকা।
এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সর্বোচ্চ প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ উন্নয়ন সহায়তা ও সামাজিক উন্নয়ন সহায়তা খাতে থোক বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮৮ কোটি টাকা।
এডিপিতে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ হিসেবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা গ্রহণের প্রস্তাব রয়েছে।
সভা শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বাজেটে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকবে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। বড় আকারের এডিপি হলেও তা বাস্তবায়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া, নির্বাচনী ইশতেহার ও সরকারের সামগ্রিক পরিকল্পনার প্রতিফলন হিসেবেই এই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার কথা জানান অর্থমন্ত্রী। আরও জানালেন, ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশলকে সামনে রেখে ৫ বছরের একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রকল্প পরিচালক নিয়োগে নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ, প্রতিটি মন্ত্রণালয়ে ড্যাশবোর্ড স্থাপন এবং প্রকল্প অগ্রগতি নিয়মিত মনিটরিং ব্যবস্থা। যেসব প্রকল্প অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো বাতিল করা হবে। পাশাপাশি যেসব প্রকল্প বাস্তবায়নযোগ্য এবং দেশের জন্য লাভজনক, সেগুলোর দ্রুত বাস্তবায়নে জোর দেওয়া হবে।
নিউজ ডেস্কঃ বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবেলায় বাংল...
নিউজ ডেস্কঃ দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে বড় সুখবর দি...
নিউজ ডেস্ক : দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো...
নিউজ ডেস্ক : দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দি...
নিউজ ডেস্কঃ আগামী জুন মাসের জন্য এখন পর্যন্ত পরিশোধিত (...

মন্তব্য (০)