• সমগ্র বাংলা

বগুড়ায় মহিলাদল নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক, জিম্মায় মুক্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় নিপা খাতুন নামের এক মহিলাদল নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন।

শুক্রবার দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার জীবন শেখের মেয়ে।

পুলিশ ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুর ২টা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিলেন বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। নিপা খাতুন শহরের চকসূত্রাপুর এলাকার জাইদুল ইসলামের স্ত্রী।

তবে তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন প্রতিবেশী কলেজছাত্রী ঈশিতা।
পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক উত্তরপত্রে সই করার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী নিজের পরিচয় ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়েই অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, নিপা খাতুন তার খালা হন। সেই সম্পর্কের সূত্র ধরেই তিনি তার হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।’
পরবর্তীতে ওসি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ না দেওয়ায় শুক্রবার রাত দশটায় আটক কলেজ ছাত্রীর অভিভাবকদের উপস্থিতিতে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষকের জিম্মায় তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়।

এদিকে ঘটনার পর থেকে পরীক্ষার্থী নিপা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য (০)





  • company_logo