• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলমান এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সভাপতিত্বে এবং স্বাস্থ্য পরিদর্শক পুলক চন্দ্র ভ্রম্মনের সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, আরএমও ডা. সুমাইয়া ইয়াসমিন রিয়া, গাইনি কনসালটেন্ট ডা. সালমা আক্তার, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. আফরোজা শাহীন, কার্ডিওলজিস্ট ডা. সাইদুর রহমান, সার্জারি কনসালটেন্ট ডা. মোরশেদ আলম, ডা. ঈষিতা মাহমুদা, ডা. জয়িতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রশিক্ষক সুমিতা রায় এবং সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুষম খাদ্য গ্রহণ, মাতৃ ও শিশু পুষ্টি নিশ্চিতকরণ এবং পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অপুষ্টি দূরীকরণে সকলকে একযোগে কাজ করতে হবে এবং পরিবার পর্যায় থেকে পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, পুষ্টি একটি মানুষের মৌলিক অধিকার এবং সুস্থ জীবনের ভিত্তি। কিন্তু এখনো আমাদের সমাজের অনেক মানুষ সঠিক পুষ্টি সম্পর্কে সচেতন নন। ফলে শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনক।
তিনি বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং সুষম খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করা। একজন মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন ও খনিজ লবণের সঠিক সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের প্রথম ১ হাজার দিন "গর্ভকাল থেকে শুরু করে দুই বছর বয়স পর্যন্ত" সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, আয়রন ও ফলিক অ্যাসিড সেবন এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নবজাতককে জন্মের পরপরই মায়ের বুকের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর্যন্ত একমাত্র বুকের দুধ প্রদান করা অত্যন্ত প্রয়োজনীয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, একটি সুস্থ, মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, শিক্ষার্থীদের মেধা উন্নয়ন এবং প্রাপ্তবয়স্কদের কর্মক্ষমতা সবকিছুই সরাসরি পুষ্টির সঙ্গে সম্পৃক্ত। তাই পুষ্টি নিশ্চিতকরণ শুধু স্বাস্থ্য খাতের দায়িত্ব নয়, এটি একটি সমন্বিত সামাজিক আন্দোলন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মাতৃ ও শিশু পুষ্টি উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা ও শিশুদের জন্য সুষম খাদ্য নিশ্চিত করতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তবে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি সবচেয়ে বেশি জরুরি। পরিবার থেকেই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের ফাস্টফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে রেখে ঘরে তৈরি পুষ্টিকর খাবার খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
ইউএনও আরও বলেন, পুষ্টি সপ্তাহকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর মূল বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। স্কুল, মসজিদ, বাজারসহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করলে অপুষ্টিমুক্ত একটি উন্নত সমাজ গড়া সম্ভব।

মন্তব্য (০)





image

মন্ত্রীর নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়ি...

নীলফামারী প্রতিনিধি : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শি...

image

১৭ বছর পলাতক খুনি ধরা, কালীগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে আইনের...

image

পাবনায় ছাত্রশিবির-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: গুলি...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছ...

image

লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক মতবিনিময় ...

লালমনিরহাট প্রতিনিধি:: ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা -এ...

image

চাটমোহরে ফসলি জমির মাটি বিক্রির সাথে জড়িত চক্রের ৫ ব্যক্ত...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধ...

  • company_logo