বগুড়া প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জে ১২'শ মানুষকে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল থেকে উপজেলার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক দুটি ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চোখের সকল চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে সকালে মানবিক এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল। মানুষের সেবায় বিএনপির রাজনীতি। তিনি তার নির্বাচনী ইশতেহারে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের কথা বলেছিলেন। সেই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের মাধ্যমে সোমবার পৃথক দুটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে।ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় তিনি আরো বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিটি ওয়াদা এক এক করে পূরণে পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক থাকলেও কেউ তেল পাচ্ছেনা এমন ঘটনা ঘটেনি। দেশে তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে পদক্ষেপ নিয়েছে। একই সাথে মানুষের কষ্ট লাঘবে সরকার জ্বালানি তেলে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
আইন প্রণয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ৯১টি বিল পাস করেছে। ১/১১–এর সময় প্রায় ২৫০টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, আর আওয়ামী লীগ সরকার ১২০টি আইন পাস করেছে। সব আইন বিল আকারে পাস করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে তিনি জানান, আগামী ২০ তারিখে তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। এ সময় ই-বেল বন্ড উদ্বোধনসহ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, গাক চক্ষু হাসপাতালের পরিচালক (মেডিকেল) ডা. এইচ.এস.এম রেজাউন্নবী মন্ডল, গাক-এর সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, গাকের উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারি পরিচালক জিয়া উদ্দিন সরদার, মীর শাহে আলম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প প্রসঙ্গে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম ও সহকারী পরিচালক জিয়া উদ্দিন সরদার জানান, গাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. খন্দকার আলমগীর হোসেনের নেতৃত্বে বগুড়া ছাড়াও ঢাকা এবং দিনাজপুরে চক্ষু হাসপাতাল পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৯০ হাজার রোগী গাক চক্ষু হাসপাতাল থেকে সেবা গ্রহণ করেছেন। এছাড়াও ৪ হাজার বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পেয়েছেন ৬ লক্ষ ২০ হাজার রোগী। যাদের মাঝে ১০ হাজার ৭৫০ জন রোগী গাক থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের সুবিধা পেয়েছেন। বর্তমানে প্রতিদিন ৮'শ থেকে ৯'শ জন রোগীকে তাদের চক্ষু হাসপাতালের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (০)