ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ রংপুরের মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ জাবেদ ওরফে টোকাই জাবেদ (৩২)। তিনি রংপুর মহানগরের তাজহাট থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি।
বুধবার(৮ এপ্রিল )সকালে এ তথ্য জানান রংপুর র্যাব।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১২টার দিকে তাজহাট থানার এক কর্মকর্তা মোবাইল ডিউটির সময় খবর পান যে, এলাকার চিহ্নিত অস্ত্রধারী শাফায়েত হোসেন শামীম ওরফে পিচ্চি শামীমকে স্থানীয় জনতা আটক করে রেখেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে একটি দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ। এ সময় তার সহযোগীদের মধ্যে আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ৪ মার্চ তাজহাট থানায় অস্ত্র আইনের ১৯(চ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় শাফায়েত হোসেনকে প্রধান আসামি এবং আরও কয়েকজনকে আসামি করা হয়, যাদের মধ্যে জাবেদ ওরফে টোকাই জাবেদ ছিলেন পলাতক।
ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করলে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রাতেই র্যাব-১৩, সদর কোম্পানীর একটি আভিযানিক দল মিঠাপুকুর থানার বৈরাগীহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জাবেদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। তারা স্থানীয় বিত্তশালী ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করত বলে অভিযোগ রয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে র্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন,সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, র্যাবে এ ধরনের অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়ে আনে এবং অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে বলেও তারা মনে করেন।
দিনাজপুর প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি জাতি...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ, সরকারবিরোধ...
বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসল...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ...

মন্তব্য (০)