• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে পদ্মায় পড়ে যাওয়া তেলবাহী লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ২৪ হাজার লিটার পামওয়েলবোঝাই একটি লরি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটপন্টুন এলাকা থেকে বিআইডব্লিউটিএ, টিসি ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় ডুবে যাওয়া লরিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম।

জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২ নম্বরের দশ চাকার লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার সয়াবিন তেল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে করে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে নামে।

ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় ঢালু পথে হঠাৎ লরিটির ব্রেক বিকল হয়ে যায়। এতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে ডুবে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লরির চালক শরীফ ও তার সহকারীকে জীবিত উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে বিআইডব্লিউটিএ ও টিসির সহযোগিতায় উদ্ধারকারী জাহাজ হামজা অভিযান চালিয়ে প্রায় ১৬ ঘণ্টা চেষ্টার পর লরিটি নদী থেকে উদ্ধার করে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে লরিটিও উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বলেন, ফেরিঘাটের ৫ নম্বর ঘাটপন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পদ্মায় পড়ে যায়। তবে লরিতে থাকা ২৪ হাজার লিটার সয়াবিন তেলের কোনো ক্ষতি হয়নি।

মন্তব্য (০)





  • company_logo