ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের জামরুলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের এক সহসভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরক (৫২), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. সোনিয়া সুলতানা (৪০) এবং আওয়ামী লীগের কর্মী উসমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে এনামুল হক হীরকের নেতৃত্বে একদল নেতা–কর্মী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কের পাশে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সেখানে মোনাজাত শেষে তারা স্থান ত্যাগ করেন।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এনামুল হককে বলতে শোনা যায়, ‘৫ আগস্টের পর দীর্ঘ ১৮ মাস দলীয় কার্যালয় বন্ধ ছিল। এখন যেভাবেই হোক একটি নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় এসেছে। একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে। আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি শুরু হোক। আমরা একসঙ্গে মিলে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলতে চাই।’
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা সেখানে জড়ো হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। একপর্যায়ে পতাকা স্ট্যান্ড ভাঙচুর করা হয়। পরে ভবনের তৃতীয় তলায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙা আসবাবে আগুন ধরিয়ে দেওয়া হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুর রহিম বলেন, “ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি উৎসুক সাধারণ জনতা গণহত্যাকারী দল হিসেবে তাদের প্রতিহত করেছে। তবে দলীয় কার্যালয়ে কারা আগুন দিয়েছে, তা আমাদের জানা নেই।”
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তৃতীয় তলার একটি কক্ষে আগুন জ্বলছিল। ভবনের মালিকদের একজন তাহমিদ হাসান জানান, ৫ আগস্ট সরকার পতনের দিন ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। পরে ভবনটি ভাড়া দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হলেও আগুনে ক্ষতিগ্রস্ত তৃতীয় তলার ফ্ল্যাটটি কেউ ভাড়া নিতে আগ্রহ দেখায়নি। সেটি এতদিন তালাবদ্ধ অবস্থায় ছিল। বৃহস্পতিবার আবারও সেখানে আগুন দেওয়া হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যালয় খোলা ও প্রচারণা চালানোর অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশেষ অভিযান চা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের...
নওগাঁ প্রতিনিধি: ইদ মানেই আনন্দ। বিশেষ করে ইদুল ফিতর মানেই ই...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সামাজিক ব্যধি বাল্যবিয়ে প্রতি...

মন্তব্য (০)