প্রতীকী ছবি
মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলায় ভিজিএফ কার্ড বিতরণ সংক্রান্ত অনিয়ম ও ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক বিকাশ বাছাড় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিরোধ এবং এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে একটি সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে রাতে গোয়ালদা বাজার এলাকায় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দারিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদার ৮০টি ভিজিএফ কার্ড বরাদ্দ পান। অভিযোগ রয়েছে, তিনি এর মধ্যে ৪০টি কার্ড ওয়ার্ড সভাপতির কাছে এবং কয়েকটি কার্ড স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রদান করেন। বিষয়টি নিয়ে সোমবার সকালে চর-গোয়ালদাহ এলাকায় ইউপি সদস্য দিলীপ কুমারের সঙ্গে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইউপি সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সাংবাদিক বিকাশ বাছাড় তার করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, সকালে ভিজিএফ চাল বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে সংবাদ প্রকাশ করেন। পরে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ তাকে ফোন করে গোয়ালদাহ বাজারে ফরমান খানের দোকানে যেতে বলেন। সেখানে পৌঁছে অপেক্ষা করার সময় রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে। এ সময় সংবাদটি মুছে না ফেললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পরিবারের সঙ্গে পরামর্শ করে থানায় সাধারণ ডায়েরি করেন।
জিডিতে অভিযুক্ত হিসেবে আকিদুল ইসলাম আখি (৪৮), মতিয়ার রহমান বাবু (৫৫) ও শ্যামল মণ্ডল (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের সকলের বাড়ি শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইল প্রতিনিধি : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয়...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে নাতনিকে অপ...
লালমনিরহাট প্রতিনিধি : নারী উদ্যোক্তাদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও বাজ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরে মাদক ব্যবসার পাওনা টাকা এবং পূর্ব শত্রু...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের বা...

মন্তব্য (০)