ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষণার পর জেলা সদরসহ তিনটি উপজেলাজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ২৮১ ভোট। এ আসনে ফখরুলের জয় নিশ্চিত হয় উল্লেখযোগ্য ব্যবধানে, যা স্থানীয় রাজনীতিতে বড় বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। তুলনামূলক কম ব্যবধানে জয় এলেও শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই রায় দেন ভোটাররা।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট। এ আসনেও স্পষ্ট ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী। জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ তিন আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ লাখ ৫ হাজার ৫১৭ জন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে; কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ফলাফল ঘোষণার পর ঠাকুরগাঁও শহর, পীরগঞ্জ ও রাণীশংকৈল এলাকায় বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও উল্লাস করতে দেখা যায় সমর্থকদের। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিন আসনেই বিএনপির জয় জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে এবং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্য এক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হয়ে থাকল।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ৬টি নির্বাচনী আসনের মধ্যে ৫টি...
পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর ...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্...
পাবনা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (...
নওগাঁ প্রতিনিধি: অবশেষে নওগাঁয় উৎসব ও আনন্দমুখর এবং সুন্দর ও...

মন্তব্য (০)