• রাজনীতি

‎ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অন্তত ১০

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভোলার মনপুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

‎আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করে বলেন, ‘নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এতে জামায়াতের প্রায় পাঁচজন আহত হন।’

‎অন্যদিকে বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, ‘ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।’

‎উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে পরবর্তীতে জামায়াতের নেতারাও সেখানে উপস্থিত হন। এসময় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে বিএনপির পাচঁজন আহত হন।’

‎আহতদের মধ্যে রয়েছেন বিএনপির সমর্থক মো. গণিমাঝি, রাসেল হাওলাদার ও গণিমাঝির মা। অপরদিকে জামায়াত সমর্থকদের মধ্যে আহত হয়েছেন— মো. ইদ্রিস, মো. রুবেল, তারেক, মাওলানা শরীফ ও মো. সাদ্দাম।

‎এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য (০)





  • company_logo