• সমগ্র বাংলা

ফরিদপুরের গেরদায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বাড়ির পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে।

পিটুনীতে নিহত যুবক মিল্লাত চৌধুরী (৩১) গেরদা গ্রামের চৌধুরী পাড়া এলাকার মৃত আব্দুল আলিম চৌধুরীর ছেলে।

জানা যায়, গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরার সংযোগ দেওয়া ছিল। এ সংযোগ মুঠোফোনের সাথে যুক্ত ছিল। মুঠোফোনে চোর দেখে বাড়ির লোকজন ধাওয়া দিয়ে চোরকে ধরে ফেলে। পরে স্থানীয়রা তাকে পিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, গেরদায় এক চোরকে ধরে স্থানীয়রা পিটুনী দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে রোববার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, নিহত মিল্লাত চৌধুরীর নামে মাদক আইনে একটি ও চুরির দায়ে দুটি সহ মোট তিনটি মামলা রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo