• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইথিওপিয়ায় ভারী বৃষ্টিপাতের পর ভয়াবহ ভূমিধসে ২২৯ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ায় ভারী বৃষ্টিপাতের পর ভয়াবহ ভূমিধসের ঘটনায় মাটির নিচে চাপা পড়ে এখন পর্যন্ত অন্তত ২২৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। তাদের উদ্ধারে অভিযান চলছে। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের পর সোমবার (২২ জুলাই) ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলের গোফা জোনের একটি প্রত্যন্ত অঞ্চল কেনচো-শাচা এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। গোফা রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

কর্তৃপক্ষ মঙ্গলবার (২৩ জুলাই) জানায়, প্রথম দফায় ভূমিধসের ঘটনা ঘটে সোমবার। এ সময় অনেকেই কাদামাটির নিচে চাপা পড়ে। তাদের সহায়তায় এগিয়ে আসে অধিবাসীরা। এরপর দ্বিতীয় দফায় ভূমিধস হয়। এতে আবারও অনেকে চাপা পড়ে।
 
স্থানীয় যোগাযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ২২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ ও ৮১ জন নারী। আলেমায়েহু বাওদি নামে একজন প্রতিনিধি জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সরকারি মালিকানাধীন ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) এর আগে জানিয়েছিল, কাদা থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসক দাগেমাউই আয়েলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহতদের অধিকাংশই ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির বাসিন্দাদের সাহায্য করতে গিয়েছিল।
 
দাগেমাউইর বরাত দিয়ে ইবিসি বলেছে— যারা জীবন রক্ষার কাজে ছুটে এসেছিল তারা এই দুর্যোগে মারা গেছে। এদের মধ্যে স্থানীয় প্রশাসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং কৃষি পেশাজীবীরাও রয়েছে। সংসদ সদস্য কামাল হাশি মোহামুদ জানান, প্রথমটির কয়েক মিনিট পর দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘লোকজন ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের ব্যবস্থা করছে এবং তাদের খাবার দিচ্ছে।’
 
স্থানীয় সংবাদমাধ্যম ফানা ব্রডকাস্টিং করপোরেটের শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মাটি ধসে পড়ার পর স্থানীয় লোকজন হাত দিয়ে মাটি সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।জাতিসংঘের তথ্যমতে-চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে স্বল্প মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশটির ওই রাজ্যে বন্যা ও গণবাস্তুচ্যুতের ঘটনা ঘটেছে। বন্যায় বিভিন্ন অঞ্চলের ১৯ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ১ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং জীবিকা ও অবকাঠামোর ক্ষতি হয়েছে।
 
ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে এর আগেও ভূমিধসের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে এক সপ্তাহের ব্যবধানে দুটি পৃথক ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছিল। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক জলবায়ু সম্পর্কিত চ্যালেঞ্জের কারণে দেশটির লাখ লাখ মানুষ অপুষ্টির সম্মুখীন হচ্ছে। 

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo